শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার পক্ষে আবারো নৌাকা’য় ভোট চাইলেন পলক

১৮ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩১  

শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার পক্ষে আবারো ভোটারদের কাছে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আমরা যারা আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, তারা নৌকা প্রতীকটা পাওয়ার জন্য সারাটা জীবন সাধনা করি। মহান আল্লাহ পাকের রহমতে আমার এলাকার ৫ লাখ জনগোষ্ঠী, ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন ভোটারের দোআ, আশীর্বাদ ও শুভ কামনায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।’

পলক আরো বলেন আমার দৃঢ় বিশ্বাস গত ১৫ বছর নৌকা প্রতীককে ভোট দিয়ে নাটোর-৩ (সিংড়া) আসনের মানুষ যে উন্নয়ন, সেবা ও সুশাসন পেয়েছে; সেই নৌকার প্রতি আস্থা ও সমর্থন আবারও তারা ব্যক্ত করবে। আমার বিশ্বাস, আগামী ৭ জানুয়ারি নাটোর-৩ আসন থেকে বিপুল পরিমাণ ভোট নৌকা মার্কায় দিয়ে সিংড়াবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। সিংড়ার স্মার্ট তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষে প্রধানমন্ত্রী তা উদ্বোধন করেছেন। আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। হাইটেক পার্ক, নলেজ পার্ক হচ্ছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসন থেকে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীক (আ.লীগ), মো. শফিকুল ইসলাম ঈগল প্রতীক (স্বতন্ত্র প্রার্থী), মো. আনিছুর রহমান লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি), মো. মিজানুর রহমান হাতুড়ি প্রতীক (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ), মো. আনোয়ার হোসেন কুলা প্রতীক (বিকল্পধারা বাংলাদেশ), আবুল কালাম আজাদ সোনালী আঁশ প্রতীক (তৃণমূল বিএনপি), মো. আমিরুল ইসলাম ডাব প্রতীক (বাংলাদেশ কংগ্রেস), মো. আলতাফ হোসেন ফুলের মালা প্রতীক (তরিকত ফেডারেশন- বিটিএফ) এবং মো. আব্দুল্লাহ আল মামুন ট্রাক প্রতীক (স্বতন্ত্র প্রার্থী) বরাদ্দ পেয়েছেন।